২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দারিদ্র্য বিমোচন দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলায় আহত ২০

সিলেটের ফেঞ্চুগঞ্জে শনিবার বিকেলে বিশ্ব দারিদ্র বিমোচন দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

সিলেট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ফেঞ্চুগঞ্জে শনিবার বিকেলে বিশ্ব দারিদ্র বিমোচন দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শহীদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, স্থানীয় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আব্দুন নূর, শামসুল ইসলাম, মহসিন, মুহিদ হাসান, চৌকিদার আব্দুর রহমান, নূরজাহান আক্তার, নাজমিন বেগম, রহমতুননেছাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকিদের নাম জানা যায়নি। সন্ধ্যায় এক বৈঠকে মামলা না করার ব্যাপারে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়। ফেঞ্চুগঞ্জের একজন স্থানীয় সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবসে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় সাতজন নির্ধারিত বক্তা ছিলেন। সভা চলাকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খান এসে বক্তব্য দিতে চান। তাকে এ সুযোগ দিলে তিনি তার দলের আরও ৪/৫ জনকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে বলেন। এতে উপজেলার চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন সায় না দিলে সভায় উপস্থিত কয়েকজন ছাত্রলীগ কর্মী হট্টগোল ও চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন জানান, বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও ছাত্রলীগের কিছু সদস্য সভাস্থলে ভাঙচুর শুরু করে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হায়াত জানান, সভা চলাকালে বক্তব্য দেওয়া নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে জয়নাল আবেদীনের বাকবিতণ্ডার সূত্র ধরে ছাত্রলীগ কর্মীরা সভায় ভাঙচুর করে। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) মিলু মিয়া বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, এ ঘটনা নিরসনে সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় আ. লীগ ও ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমঝোতা বৈঠক হয়। এতে কোনো পক্ষই মামলা করবে না বলে প্রতিশ্র"তি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.