২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকুঞ্জে নিজ বাসায় যুবক খুন

রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার একটি বাসা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতিকুর রহমান (৩৮) ২০০৪ সালে অস্ট্রেলিয়া থেকে এমবিএ করে দেশে ফিরেন পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার একটি বাসা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতিকুর রহমান (৩৮) ২০০৪ সালে অস্ট্রেলিয়া থেকে এমবিএ করে দেশে ফিরেন পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, দেশে ফেরার পর তিনি কিছুদিন বায়িং হাউজের ব্যবসা করলেও গত একবছর ধরে বেকার ছিলেন। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আতিক নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর রোডের ২৪ নম্বর বাসায় বাবা-মার সঙ্গে বাস করতেন। কয়েকদিন আগে বাবা-মা আমেরিকায় বেড়াতে যাওয়ার পর থেকে তিনি একাই বাসাটিতে থাকতেন। তবে খাওয়া-দাওয়া করতেন তার বোনের বাসায়। ১৫ অক্টোবরের পরে তিনি সেখানে না যাওয়ায় তারা খুঁজতে এসে আতিককে ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওসি আরও জানান, মৃতদেহের বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাসার একটি জানালার গ্রিল কাটা ছিল এবং তার মোবাইল ফোন ও ল্যাপটপটি পাওয়া যায়নি। তবে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পূর্ব পরিচিত কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে পুলিশ ধারণা করছে বলে জানান তিনি। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসএইচ/২০৪৩ ঘ.