ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দারিদ্র্য বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে ১৬-১৮ অক্টোবর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, সর্বদলীয় সংসদীয় গ্র"প (এপিপিজি) এবং পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি) এর সহযোগিতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকায় জাতীয় সমাবেশ ছাড়াও সারা দেশে সমাবেশ কর্মসূচি পালন করা হবে।
এখন থেকে প্রতি বছরের ১৭ অক্টোবর সারা বিশ্বের মত বাংলাদেশেও জাতীয়ভাবে আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস পালন করা হবে।
এবারের কর্মসূচিতে সারা দেশে আট কোটিরও বেশি মানুষ অংশ নেবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্পিকার আব্দুল হামিদ সাংবাদিকদের জানান।
এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার একমঞ্চে উপস্থিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়ার কথা ছিলো।
কিন্তু শুক্রবার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে উপস্থিত না থাকার ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/০২২০ঘ.
bdnews24