সাভার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে পালিয়ে থাকার অভিযোগে সাভারের আশুলিয়া এলাকার 'সিজন্স সোয়েটার'র মালিককে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
জিয়াউল আমিন নামের ওই তৈরি পোশাক কারখানা মালিককে গুলশানের বাড়ি থেকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নেওয়া হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে পালিয়ে থাকার অভিযোগে সিজন্স সোয়েটার-এর মালিককে রাত ১০টায় তার গুলশানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে তার সঙ্গে আলোচনা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গত ৩ ও ৭ অক্টোবর এ কারখানার শ্রমিকরা তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয় ঘেরাও করে। এরপর ১২ অক্টোবর জিয়াউল আমিনের গুলশানের বাড়ি ঘেরাও করলে পুলিশের বাধা পেয়ে ফিরে আসে।
এরপর তারা বিজিএমইএ কার্যালয়ে এলে সেখানে অবস্থানরত জিয়াউল আমিন বুধবার বেলা ১২টার মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের প্রতিশ্র"তি দেন।
কিন্তু দুপুর প্রায় ১২ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করেও বেতন না পেয়ে তারা বিষয়টি জানাতে এবং বকেয়া বেতন পাওয়ার আশায় ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে যায়।
জিয়াউল আমিন গুলশানের ৬২ নম্বর সড়কের ১১ নম্বর বাড়িতে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24