ঢাকা, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক সুতপার মৃত্যুরহস্য উদঘাটনে ফের নিরপেক্ষ ময়নাতদন্তসহ পাঁচদফা দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন ও মৌনমিছিল করেছে শামসুননাহার হলের ছাত্রীরা।
সকাল ১১টায় হলের সামনে এ মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে ছাত্রীরা একটি মৌনমিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্র্রদক্ষিণ করে।
শামসুননাহার হলের সামনে গিয়ে শেষ কর্মসূচি শেষ হয়। এতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ সময় তিনি বলেন, "সুতপা তার শিক্ষিত স্বজনের হাতে প্রাণ দিয়েছে। এর কারণ তার স্বামী শিক্ষিত হলেও মানবিক নয়। তাই ভবিষ্যতে এ ঘটনার পুনবাবৃত্তি রোধ করতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি সমাজে মানবিকতাবোধের বিকাশ ঘটাতে সংগ্রাম করতে হবে।"
সুতপার দুলাভাই হাফিজ আকবর আহমেদ অভিযোগ করেন, হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা হয়নি। এমনকি আসামিদের বাড়িও তল্লাশি করা হয় নি।
লাশ না দেখেই ডা. মিজান ও জোবায়ের ময়নাতদন্তের রিপোর্ট দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ছাত্রীদের পাঁচ দফা দাবির অন্য চার দফা হল, পুলিশি তদন্তে পক্ষপাতিত্বে চলবে না। রিমান্ডের নামে প্রহসন চলবে না। দ্রুত বিচার নিশ্চিত করা ও হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২৩০৫ ঘ.
bdnews24