চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সংগীত পরিচালক প্রবাল চৌধুরী গুরুতর অসুস্থ। শুক্রবার তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার পর গত বুধবার তাকে নগরীর মেট্রাপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবাল চৌধুরীর শারিরীক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ছেলে মানস চৌধুরী রঞ্জন।
তিনি বলেন, "শুক্রবার সকালে নিউরোসার্জন ডা. কামাল উদ্দিনের নেতৃত্বে গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ড প্রবাল চৌধুরীকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।"
চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শিল্পী বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি চট্টগ্রামসহ সারা দেশে আধুনিক গানের একজন গুণী শিল্পী হিসেবে পরিচিত।
'সোনা বউ' চলচ্চিত্রের 'আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারি প্রেমেরই জন্য...' গানটি এখনো অনেকের মুখে মুখে ফেরে।
বুধবার রাতে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে একটি অনুষ্ঠানে গানের রেকর্ডিং করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
শিল্পীর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসএইচ/২১০৩ ঘ.
bdnews24