ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সহায়তা করছে না অভিযোগ করে আকবর আলি খান রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের কাছে বৃহস্পতিবারই পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানিয়েছেন।
আকবর আলি খান বলেন, "সরকার রেগুলেটরি রিফর্মস কমিশনকে কোনও ধরনের সহযোগিতা না করায় আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
"আমি একান্ত সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম। তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
"পদত্যাগপত্র গৃহীত হোক বা না হোক, আগামী রোববার থেকে আমি আরআরসির কোনও কার্যক্রমে জড়িত থাকব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার তিনি আরও বলেন, "আমি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে টেলিফোনে ও চিঠির মাধ্যমে আরআরসিকে সহযোগিতা করার জন্যে বারবার অনুরোধ জানিয়েছি। কিন্তু সরকারের দিক থেকে কোনও ধরনের সহযোগিতা না পাওয়ায় আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।"
এর আগে গত ৪ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ১০-১৫ দিনের মধ্যে আরআরসির ব্যাপারে সরকার কোনও সিদ্ধান্ত না নিলে কমিশনের চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন আকবর আলি।
বিগত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৩০ অক্টোবর তাকে প্রধান করে ১৭ সদস্যের এই কমিশন গঠন করে। উদ্দেশ্য ছিলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য গতিশীল করা। আর এ জন্য এ সংক্রান্ত পুরাতন, অপ্রয়োজনীয় ও জটিল বিধি-বিধানসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে সংস্কার করা।
আকবর আলি খান ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। তবে ওই দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন তিনি।
রেগুলেটরি রিফর্মস কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত ১১টি সভা করে একশ'৩৫টি সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। এর মধ্যে ৪৬টি (৩৪ শতাংশ) বাস্তবায়িত হয়েছে। আংশিক বাস্তবায়িত হয়েছে নয়টি (৭ শতাংশ), ৫২টি (৩৮ শতাংশ) সুপারিশ বাস্তবায়নাধীন আছে। বিবেচনাধীন আছে ২০টি (১৫ শতাংশ) এবং অবাস্তবায়িত অবস্থায় আছে আটটি (৬ শতাংশ) সুপারিশ।
আর এ সব সুপারিশ ও বাস্তবায়ন অগ্রগতি নিয়েই 'রেগুলেটরি রিফমর্স কমিশন প্রথম প্রতিবেদন, ফেব্র"য়ারি ২০০৯' নামের ১৩১ পৃষ্ঠার একটি বই প্রকাশ করেছে।
গত ফেব্র"য়ারি মাসে কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিলো। এরপর আর কোনও বৈঠক হয়নি। অর্থাৎ বর্তমান সরকারের সময় রেগুলেটরি রিফর্মস কমিশনের একটি বৈঠকই হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এসএইচ/১৯৫৩ ঘ.
bdnews24