ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে।
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসারে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে তারা।
গত বুধবার উত্তর বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটির সৃষ্টি হয়।
শুক্রবার অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে।
এতে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ওদিকে, অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এতে আরও বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। এতে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে।
গত মাসে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় তিনটি লঘুচাপ তৈরি হয়। এর মধ্যে একটি জোরদার হয়ে গভীর নিুচাপে পরিণত হয় এবং তা ভারতের দিঘার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/১৬৪৩ ঘ.
bdnews24