২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আর্থিক অনিয়মের কাগজপত্র দেয় নি বিমান মন্ত্রণালয়'

বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনিয়ম সংক্রান্ত কোন কাগজপত্র সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হয় নি বলে জানিয়েছেন মন্ত্রী জিএম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনিয়ম সংক্রান্ত কোন কাগজপত্র সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হয় নি বলে জানিয়েছেন মন্ত্রী জিএম কাদের। বুধবার ওই সংসদীয় কমিটির বৈঠক হয়। এতে বাংলাদেশ বিমানের জন্য দুটি উড়োজাহাজ ইজারা নেওয়ার দরপত্রে অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি। এ নিয়ে 'অনিয়ম: দুটি উড়োজাহাজ ইজারার দরপত্র বাতিলের সুপারিশ' শীর্ষক একটি খবর প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ওই খবরে বলা হয়, "বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের অনিয়মের অভিযোগকে সঠিক উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থায়ী কমিটিতে সরবরাহ করা কাগজপত্র অনুযায়ী এ দু'টি উড়োজাহাজ ইজারা নেওয়া হলে বিমানকে প্রতি বছর ৭৬ মিলিয়ন ডলার (প্রায় ৫৩২ কোটি টাকা) লোকসান গুণতে হবে এবং বিমান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়ার বিরোধীতা করেছে।" এ খবরের ব্যাখ্যায় মন্ত্রী বৃহস্পতিবার বলেন, "বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মঈনুদ্দিন খান বাদল কমিটির সভায় দু'টি উড়োজাহাজ ইজারা সংক্রান্ত কিছু কাগজপত্র উপস্থাপন করেন। সে কাগজপত্রের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিমান দু'টি ইজারা দেওয়া হলে বছরে দেশের ৭৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে।" মন্ত্রী আরও বলেন, বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সংক্রান্ত কোন কাগজপত্র সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হয় নি। কারণ, বিমান একটি পাবলিক লিমিটেড কোম্পানি। মন্ত্রণালয় সরাসরি বিমানের কর্মকাণ্ডের ওপর হস্তক্ষেপ করতে পারে না। কোন অনিয়ম পাওয়া গেলে তদন্ত করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএইচ/২২৩৫ ঘ.