২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ নারী হত্যাকারী রসুকে টঙ্গী নেওয়া হবে শুক্রবার

১১ নারী হত্যার কথা স্বীকার করে আলোচিত চাঁদপুরের রসু খাঁকে (৪০) শুক্রবার টঙ্গী এলাকায় নিয়ে যাওয়া হবে। টঙ্গী এলাকার যেসব নারীদের এনে চাঁদপুরে হত্যা করা হয়েছে তাদের পরিচয় ও ঘটনার বিবরণ জানতে পুলিশ রসুকে নিয়ে সেখানে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

চাঁদপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১১ নারী হত্যার কথা স্বীকার করে আলোচিত চাঁদপুরের রসু খাঁকে (৪০) শুক্রবার টঙ্গী এলাকায় নিয়ে যাওয়া হবে। টঙ্গী এলাকার যেসব নারীদের এনে চাঁদপুরে হত্যা করা হয়েছে তাদের পরিচয় ও ঘটনার বিবরণ জানতে পুলিশ রসুকে নিয়ে সেখানে যাচ্ছে। বর্তমানে চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে রসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে তিনদিনের জন্য হেফাজতে নেওয়া হয়। এর আগে চাঁদপুরের ফরিদগঞ্জে পারভীন হত্যা মামলায় তাকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আরও তিনদিনের হেফাজতে নেওয়া হয়েছিল। গত ৭ অক্টোবর একটি চুরির মামলায় রসুকে টঙ্গীর নিরাশপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তিনি ১১ নারীকে হত্যার কথা জানান। পরে রসু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার জবানবন্দিতে ওঠে আসে ১১ নারী হত্যার রোমহর্ষক কাহিনী। চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এবং রসু'র ১১ নারী হত্যার তদন্তে গঠিত কমিটির সদস্য মো. সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রসুকে শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে নিয়ে যাওয়া হবে। রসু ওই এলাকার যেসব নারীদের নিয়ে এনে চাঁদপুরে হত্যা করেছে তাদের পরিচয় ও ঘটনার বিবরণ জানতে পুলিশ তাকে নিয়ে সেখানে যাচ্ছে। এদিকে, ফরিদগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে রসু ডায়রিয়াজনিত পেটে সমস্যার কথা বলে শৌচাগারে গিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। সূত্রটি জানায়, বার বার শৌচাগারে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে পুলিশ দেখতে পায় রসু নিজের গায়ের শার্ট গলায় পেচিয়ে আত্মত্যার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের অন্য একটি কক্ষে সার্বক্ষণিক নজরদারিতে নেওয়া হয়। ফরিদগঞ্জ থানার এসআই মীর কাশেম বলেন, "আসলে বিষয়টি পুরোপুরি ঠিক নয়। রাতে রসু'র ডায়রিয়া হয়েছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৭ ঘ.