২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার জুতা কারখানায় আগুন, শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে একটি জুতা কারখানায় আগুন লেগে বৃহস্পতিবার মো. শামীম (১৩) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে একটি জুতা কারখানায় আগুন লেগে বৃহস্পতিবার মো. শামীম (১৩) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই জুতা কারখানার শ্রমিক ছিল। দমকল সদরদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, ৩৩ কাজী আলাউদ্দিন সড়কের চারতলা ভবনের দোতলায় জুতার কারখানাটিতে দুপুর দেড়টার দিকে এ আগুন লাগে। ধারণা করা হচ্ছে, শ্রমিক শামীম কারখানার ভেতরে কোনও বৈদ্যুতিক সুইচ অন করতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ কারণে সে বের হতে পারেনি। তিনি জানান, প্রথমে বৈদ্যুতিক তারে আগুন ধরে। পরে তা জুতা তৈরীর রাসায়নিক উপাদানে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক তারে আগুন ধরতে দেখে দোকানের অন্য কর্মচারীরা দৌড়ে নীচে নামতে পারলেও শামীম পারেনি। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহজাদী সুলতানা জানান, ঘটনাস্থল থেকে দমকল স্টেশনের দূরত্ব খুব কম হওয়ায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে দমকল কর্মীরা। আগুনে মাত্র ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক হিসেবে জানা গেছে। জুতা কারখানাটির মালিক মো. হেলিম। তিনি ভবনের মালিক আলী মিয়ার কাছ থেকে দ্বিতীয় তলা ভাড়া নেন। পরে দ্বিতীয় তলায় কাঠ দিয়ে মাচা বানিয়ে আরেকটি ফ্লোর তৈরী করে তাতে জুতার কারখানা স্থাপন করেন। মাচার ওপর তৈরী জুতার কারখানায় সোজা হয়ে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। জুতা কারখানার মালিকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে কারখানা স্থাপনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ফায়ার সার্ভিস থেকে এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২০২৬ ঘ.