প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোর বিরুদ্ধে বসুন্ধরা গ্র"পের মানহানির মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।
বুধবার সাধারণ ডায়েরির পর বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা করেন বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জাহেদুর রহমান।
তবে প্রথম আলোর প্রতিবেদনের কোন বক্তব্য মানহানি ঘটিয়েছে, তার মামলার আরজিতে স্পষ্ট না থাকায় বিকেলে ঢাকার বিচার বিভাগীয় হাকিম শাহরিয়ার আরাফাত মামলাটি খারিজের আদেশ দেন।
বসুন্ধরার মামলাটিতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক মিজানুর রহমান খান এবং ট্রান্সকম গ্র"পের চেয়ারম্যান লতিফুর রহমানকে আসামি করা হয়েছিল।
প্রথম আলোয় পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদনের কথা উল্লেখ করে মামলার আরজিতে বলা হয়, এতে বাদির প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মামলায় বলা হয়, গত ৮ মে এবং গত ১২ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানকে (আহমদ আকবর সোবহান) সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান বসুন্ধরার সঙ্গে লেনদেনে অনাগ্রহ প্রকাশ করায় প্রতিষ্ঠানের ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
তবে বাদির আইনজীবী গাজী শাহ আলম দুপুরে সাংবাদিকদের জানান, প্রথম আলোর বিরুদ্ধে আরও একটি দেওয়ানি মামলা করা হবে।
বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে বুধবার রাতে প্রথম আলো এবং দৈনিক সমকালের প্রকাশক-সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরিটি (জিডি) করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24