২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম: দুটি উড়োজাহাজ ইজারার দরপত্র বাতিলের সুপারিশ

বাংলাদেশ বিমানের জন্য দুটি উড়োজাহাজ ইজারা নেওয়ার দরপত্রে অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের সুপারিশ করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। মন্ত্রীও বলেছেন, অনিয়মের অভিযোগ সত্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের জন্য দুটি উড়োজাহাজ ইজারা নেওয়ার দরপত্রে অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের সুপারিশ করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার কমিটির সভায় ঢাকা-নিউইয়র্ক রুটে পরিচালনার জন্য একটি বিদেশি কোম্পানির কাছ থেকে বিমানের উড়োজাহাজ ইজারার প্রক্রিয়া বাতিল করে আবার দরপত্র আহবানের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবরের মধ্যে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট আবার চালু করতে বিমান 'ইউরো আটলান্টিক' কোম্পানির কাছ থেকে দুটি উড়োজাহাজ ইজারা নেওয়ার চুক্তি করেছিলো। বিগত নির্বাচনের আগে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশীদের সুবিধার জন্য এ রুটে আবারও ফ্লাইট চালুর অঙ্গীকার করেছিল। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের অনিয়মের অভিযোগকে সঠিক উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থায়ী কমিটিতে সরবরাহ করা কাগজপত্র অনুযায়ী এ দু'টি উড়োজাহাজ ইজারা নেওয়া হলে বিমানকে প্রতি বছর ৭৬ মিলিয়ন ডলার (প্রায় ৫৩২ কোটি টাকা) লোকসান গুণতে হবে এবং বিমান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়ার বিরোধীতা করেছে।" তিনি স্পষ্ট করে বলেন, "বিমানের কোন কর্মকাণ্ড কিংবা কোনধরনের অনিয়মের দায়দায়িত্ব আমি নিতে পারি না।" "বিমান একটি স্বায়ত্বশাসিত পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হওয়ায় এ বিষয়ে আমার মন্ত্রণালয়ের কিছু করার নেই," বলেন মন্ত্রী। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়। এরপর থেকে এর চেয়ারম্যান এবং বোর্ডের পরিচালকরা মন্ত্রণালয়ের অধীনস্থ নন। বুধবারের সভা শেষে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মঈনুদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেন, "বিমানের উড়োজাহাজ ইজারা নেওয়ার দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম রয়েছে। ওই কোম্পানিটির উড়োজাহাজগুলো অপ্রতুল সুবিধার এবং সেগুলোতে যেসব আধুনিক বৈশিষ্ট্য থাকার কথা তা নেই।" তিনি জানান, দরপত্রের শর্ত অনুযায়ী বোয়িং-৭৭৭-২০০-ইআর মডেলের উড়োজাহাজ সরবরাহ করার কথা। কিন্তু কোম্পানিটি এর চেয়ে কম বৈশিষ্ট্যসম্পন্ন বোয়িং-৭৭৭-২০০ মডেল সরবরাহ করবে। নির্দিষ্ট মডেলের বদলে অন্য মডেলের উড়োজাহাজ সরবরাহ করা হলে পরিচালনা ব্যয় বাড়বে উল্লেখ করে তিনি বলেন, "এতে এ রুটে বিমানের লোকসান আরও বাড়বে। "বিমান যদি ২৬ অক্টোবরের মধ্যে ঢাকা-নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট চালু করতে ব্যর্থ হয়, তাহলে 'ইউরো আটলান্টিক' কোম্পানির সঙ্গে করা চুক্তি বহাল রাখার কোন প্রয়োজনীয়তা নেই।" একই সঙ্গে কমিটি নতুন দরপত্র ডাকার জন্যও সুপারিশ করেছে বলে জানান মঈনুদ্দিন খান বাদল। সভা শেষে সংসদের মিডিয়া সেন্টারে এ সংবাদ ব্রিফিংয়ের সময় কমিটির সভাপতি এবং সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি কমিটিকে জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবরের মধ্যে এ রুটে ফ্লাইট শুরুর আপাতত কোন সম্ভাবনা নেই। এ কারণে ওই প্রতিষ্ঠান থেকে কম সুবিধার একই ধরনের উড়োজাহাজ এতো দ্রুত ইজারা নেওয়ার কোন প্রয়োজন নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএআর/এসএইচ/২১২৬ ঘ.