ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান বলেছেন, দেশে এক হাজার ৮০০টি আইন রয়েছে। কিন্তু তথ্য অধিকার আইন (আরটিআই) হচ্ছে সভ্য হওয়ার মতো একটি আইন। কারণ, এতদিন আমাদের মধ্যে তথ্য গোপনের যে সংস্কৃতি ছিল, এর মাধ্যমে তার অবসান ঘটেছে।
বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জনসংযোগ কর্মকর্তাদের জন্য তথ্য অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।
প্রধান তথ্য কমিশনার বলেন, আমাদেরকে তথ্য গোপনের সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। এ আইনের মাধ্যমে সেই পরিবর্তনই নির্ধারিত হয়েছে। এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) একেএম শামীম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, তথ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের ও ড. সাদেকা হালিম।
আজিজুর রহমান বলেন, তথ্য কমিশন একটি ছোট আঙ্গিকে কাজ শুরু করেছে। তবে আমাদের প্রত্যাশা অনেক বড়। মাত্র ১১৫ দিন আগে গত ২ জুলাই কমিশন কাজ শুরু করেছে। আইনে কোনো অসঙ্গতি থাকলে তার সংশোধনী প্রস্তাব করতে হবে। ভবিষ্যতে তা দূর করার উদ্যোগ নিতে হবে।
তথ্য কর্মকর্তাদের গাফিলতির জন্য জরিমানা করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কাউকে জরিমানা করার জন্য এ আইন করা হয়নি। বরং আমাদের মানুষের কাছে যেতে হবে। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। কারণ, তথ্য মানুষকে সমৃদ্ধ ও সভ্য করে।
তথ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, জনগণকে সঠিক তথ্য দিতেই এ আইন করা হয়েছে। তাই আইনটি বাস্তবায়নের জন্য সব প্রতিষ্ঠানকে সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে জনগণকে আমরা সঠিক তথ্য সরবরাহ করতে পারবো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১৬ ঘ.
bdnews24