সিলেট, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান অসুস্থ হয়ে গত দুই দিন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
মেয়র কামরানের ছেলে আরমান আহমদ শিপলু বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার তার বাবা হঠাৎ পিঠে ব্যথা অনুভব করেন। একইসঙ্গে তার রক্তে গ্লুকোজ এবং রক্তচাপ বেড়ে যায়। এ অবস্থায় সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়র কামরানের চিকিৎসার তত্ত্বাবধানে আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এহতেশামুল হক চৌধুরী দুলাল।
বুুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নিউরোসার্জন অধ্যাপক রাশেদুন্নবী, অর্থোপেডিকস বিশেষজ্ঞ অধ্যাপক দীপংকর তালুকদার ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক হিলালুল ইসলাম মঙ্গলবার মেয়রের শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
তিনি বলেন, "মেয়রের রক্তের গ্লুকোজ ও রক্তচাপ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও তিনি পিঠ ও কোমরে ব্যথা অনুভব করছেন। এ জন্য আরও কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে।"
অসুস্থতার কারণে মেয়রের নির্ধারিত সকল কর্মসূচি বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/২০০০ ঘ.
bdnews24