২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেদন নিয়ে সংসদে আলোচনা নজিরবিহীন: দেলোয়ার

সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান হূইপের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সংসদে আলোচনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান হূইপের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সংসদে আলোচনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও তার বিরুদ্ধে সংসদে আলোচনার পর সিদ্ধান্তের বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে সাবেক এ প্রধান হুইপ বলেন, "কোনো কমিটি সংসদে প্রতিবেদন উপস্থাপন করলে তা নিয়ে আলোচনার বিধান বা নজির নেই। এবার যা করা হয়েছে, তাও নজিরবিহীন। বিধান হচ্ছে, প্রতিবেদনটি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠিয়ে দেওয়া।" সরকার সংসদকে অশুভ কার্যক্রম সম্পাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে বলেন, "তারা (সরকার) অভিযোগ তৈরি করে সংসদের সিল দিয়ে দুর্নীতি দমন কমিশনে পাঠাচ্ছে। ন্যায় বিচারকে এভাবে লঙ্ঘিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। সরকারের এসব ষড়যন্ত্র দেশবাসী বুঝতে পেরেছে।" তদন্ত কমিটিকে অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিকউদ্দেশপ্রণোদিত বলে আখ্যায়িত এর প্রতিবেদনকেও নাকচ করে দেন প্রধান বিরোধী দলের এ মহাসচিব। এ বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, "এই নাটকের শেষ অঙ্ক দেখার সময় রয়েছে। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।" নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেলোয়ার আরও বলেন, "অষ্টম সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও আমাকে নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, তার সবটাই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।" তিনি দাবি করেন, "ওই সময় যা কিছু করা হয়েছে-তা আইন অনুযায়ী হয়েছে। এখন সরকারি দল ভিন্ন উদ্দেশ্যে এসব করছে।" সংসদের কর্মকর্তা-কর্মচারি নিয়োগের উদাহরণ দিয়ে তিনি বলেন, "তাদের চাকরিচ্যুত করে সেখানে নিজেদের লোকজনকে বসানোর জন্য সরকার এটা করেছে।" গত ১৯ মার্চ অষ্টম সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের দুর্নীতি তদন্তে সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ১১ সদস্যের কমিটি প্রায় মাস তদন্ত করে ৯ জুলাই সংসদে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করে। ৭৮৪ পৃষ্ঠার প্রতিবেদনে তিনজনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থআত্মসাতের অভিযোগের বিষয়ে প্রমান্য দলিলসমূহ সংযুক্ত করা হয়। তদন্তে সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান হুইপ বিভিন্নখাতে অতিরিক্ত দুই কোটি ৩৯ লাখ ২৯ হাজার পাঁচ শ' ছয় টাকা খরচ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। এ অর্থ সরকারি কোষাগারে ফেরত আনার জন্য ব্যবস্থা গ্রহণ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নবম সংসদের সংসদ সদস্যপদ খারিজ করার সুপারিশ করা হয় প্রতিবেদনে। তবে বুুধবার সংসদে ওই প্রতিবেদনটি ওপর সাধারণ আলোচনা শেষে তিনজনকে অর্থ ফেরত দেওয়ার জন্য সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়। সাবেক প্রধান হুইপ দেলোয়ার অভিযোগ করেন, সংবিধানের ৭৬ ধারা ও সংসদের কার্যপ্রণালী বিধির ২৭৬ ধারায় এ রকম কমিটি করার এখতিয়ার স্পিকারের নেই। তিনি বলেন, "এভাবে কমিটি করে স্পিকার নিজেই সংসদের বিধিমালা লঙ্ঘন করেছেন। এভাবে কমিটি গঠন পরিকল্পিত। সাজানো নাটক।'' একই সঙ্গে যারা অভিযোগকারী তারাই তদন্তকারী উল্লেখ করে দেলোয়ার বলেন, "অষ্টম সংসদে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তারা আমাদের হেয় করতেই ওই প্রতিবেদন তৈরি করেছে। উদ্দেশ্য একটাই রাজনৈতিকভাবে হেয় করা। নিজের ব্যর্থতা আড়াল করতেই এটা করা হয়েছে।" হূঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "বিএনপির কণ্ঠ রোধ যাবে না। আপনার বোকামি করছেন। মানুষের কাছে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়ন করুন, আমরা আপনাদের সহযোগিতা দেব।" অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "ডিসেম্বরেই বিএনপির কাউন্সিল অধিবেশন হবে। ওই কাউন্সিলের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক লেবাসের এই পুতুল সরকারের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।" দলের সহ-সভাপতি সাংসদ এম কে আনোয়ার বলেন, "সাতশ'র বেশি পৃষ্ঠার দুর্নীতি তদন্ত প্রতিবেদনটিতে অভিযোগসমূহের পক্ষে কোনো প্রমাণাদি নেই। কোথায় কোন আইনি ব্যত্যয় ঘটেছে, তা তারা দেখাতে পারেননি।'' সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে দলের যুগ্ম-মহাসচিব মির্জা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৭১৯ ঘ.