নড়াইল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে নয়জনের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের' মামলা হয়েছে নড়াইলের আদালতে।
বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুসরাত জেরীনের আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার তুলারামপুর গ্রামের খয়বর তরফদার।
আদালত মামলাটি আমলে নিয়ে নড়াইল সদর থানাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- তুলারামপুর গ্রামের মাওলানা সোলায়মান ওরফে ফারুকি (৭৫), আব্দুস ছালাম (৭১), আব্দুর রউফ মোল্যা (৬৫), আলতাফ হোসেন মোল্যা (৬৫), আলী মিয়া (৬২), আবুল খায়ের মোল্যা (৫৬), আকরাম হোসেন মোল্যা (৫৫), তোরাপ মোল্যা (৬১) এবং বোড়ামারা গ্রামের আব্দুস ছাত্তার (৬০)।
আসামিরা শান্তি কমিটির সদস্য ছিলেন। মামলার ১ নম্বর আসামি মাওলানা সোলায়মান ওরফে ফারুকি ওই কমিটির চেয়ারম্যান ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় খয়বর তরফদার অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৭ জুলাই সকালে আাসামিরা পাক সেনাদের সঙ্গে বাদির ভাই আতিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প নড়াইলের রূপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসে এনে অমানুষিক নির্যাতন করে। ২০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আতিয়ার রহমানকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং গুলি করে হত্যার পর পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম পাশে গণকবর দেয়।
আসামিরা পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের স্বপক্ষে বুদ্বিজীবী ও নিরীহ লোকদের নির্বিচারে হত্যা, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ ও নারীদের সম্ভ্রম লুণ্ঠন করেছে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৬৪০ ঘ.
bdnews24