২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট: হত্যা মামলায়ও দুই আসামির জামিন বাতিল

২১ আগস্টের বিস্ফোরক মামলার পর বুধবার হত্যা মামলায়ও দুই আসামি আরিফ হোসেন সুমন ও মুন্সী মহিবুল্লাহর জামিন বাতিল করেছে আদালত। বিস্ফোরক মামলায় এ দুই আসামির জামিন বাতিল হয় গত ৯ সেপ্টেম্বর। দ্রুত বিচার আদালতে গত ১২ আগস্ট তাদের জামিনের আদেশ হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলার আরেকটি মামলায়ও দুই আসামি আরিফ হোসেন সুমন ও মুন্সী মহিবুল্লাহর জামিন বাতিল করেছে আদালত। হত্যা মামলায় বুধবার জামিন বাতিলের এ আদেশ দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম। বিস্ফোরক মামলায় গত ৯ সেপ্টেম্বর ঢাকার ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক এ এন এম বশির উল্লাহ ওই দুই আসামির জামিন বাতিল করেন। দুই মামলায় গত ১২ আগস্ট ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন তাদের জামিন দেন। পরে মামলা দুটির আদালত পরিবর্তন হয়। আদালতে সরকার পক্ষ দুই আসামির জামিন বাতিলের আবেদন জানিয়েছিল। বুধবার আবেদনের শুনানিতে আসামি সুমনের কৌঁসুলি অ্যাডভোকেট আমিনুল গণি টিটো বলেন, এ মামলায় জামিন বাতিল হলে তা ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি অনন্যসাধারণ নিকৃষ্ট দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, আসামিরা যেহেতু জামিন পেলেও অন্য মামলায় আটক থাকায় মুক্তি পাবে না, তাই তাদের জামিনের শর্ত ভঙ্গের আশঙ্কা অমূলক। জামিন বাতিলের বিপক্ষে বিভিন্ন সময়ে উচ্চ আদালতের নানা আদেশ নজির হিসেবে তুলে ধরেন অ্যাডভোকেট টিটো। মহিবুল্লাহর কৌঁসুলি লুৎফর রহমান শেখও জামিন বাতিলের বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। ২১ আগস্ট মামলায় জামিন হলেও অন্য মামলায় আটক থাকায় সুমন ও মহিবুল্লাহ ছাড়া পাননি। বর্তমানে ২১ আগস্ট মামলা দুটির অধিকতর তদন্ত চলছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬২৫ ঘ.