মাগুরা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা জেলা বিএনপি আহবায়ক কবীর মুরাদ ও মহম্মদপুর উপজেলা আহবায়ক আলীমুজ্জামানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার পর হামলার শিকার হয়েছেন যুবদল ও ছাত্রদলের দু'জন নেতা।
এরা হলেন- উপজেলা যুবদলের সহ-সভাপতি মাকছুর রহমান এবং উপজেলা ছাত্রদল নেতা সোহাগ হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল সভাপতি কবিরুল বাশার কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জিয়া পরিষদের সহ-সভাপতি আনোয়ার জাহিদ, স্বেচ্ছসেবক দলের সভাপতি জহুরুল হক, স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শ্রমিক দলের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আলী রেজা রাজু প্রমুখ।
মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় দলের একাংশ তাদের ধাওয়া করে। এ সময় তাদের ইট ও হাতুড়ি পেটায় মাকছুর রহমান ও সোহাগ হোসেন আহত হন।
অন্যরা প্রেসক্লাবে ঢুকে আত্মরক্ষা করেন। পরে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে মহম্মদপুর উপজেলা যুবদল সভাপতি কবিরুল বাশার কবির অভিযোগ করেন, দলের সঙ্গে সম্পর্কহীন কবীর মুরাদকে জেলা বিএনপি'র আহবায়ক করায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আর্থিকভাবে লাভবান হয়ে অযোগ্য আলীমুজ্জামানকে আহ্বায়ক এবং মাহমুদ হোসেন ও গোলাম রব্বানীকে যুগ্ম আহবায়ক করে মহম্মদপুর উপজেলা কমিটি গঠন করেছেন।
মাগুরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আহবান করায় গতরাত থেকেই প্রতিপক্ষরা মোবাইল ফোনে মারধরের হুমকি দিয়ে এসেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জেলা আহবায়ক কবীর মুরাদের সমর্থকরা এ হামলা চালিয়েছে।
কবীর মুরাদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ হামলায় জড়িতরা দলের কেউ নয়। যারা সংবাদ সম্মেলন করেছে তারাও সে অধিকার রাখে না বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24