ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা মামলার আসামী হ্যাপি হোমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেও শাহবাগ থানা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে বাদী অভিযোগ করেছেন। ছাড়া পেয়েই পলাতক শরীফ তার লোকজনকে দিয়ে মামলার বাদীকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
মামলার বাদী রাজধানীর জিন্দাবাহার লেনের ব্যবসায়ী ও ঠিকাদর আলহাজ আইয়ুব খান মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক ব্রজেন্দ্র কুমার ভদ্র সোমবার রাতে শরীফকে গ্রেপ্তার করেন। কিন্তু গ্রেপ্তারের পর তাকে ছেড়ে দেওয়ার জন্য 'উপর মহলের চাপ' রয়েছে জানিয়ে তিনি তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে দেন। এ ঘটনায় বাংলা মোটরের ময়মনসিংহ সড়কের হ্যাপি হোমস লিমিটেড এর কার্যালয়ে সোমবার রাত ১০টায় ওৎসুক জনতার ভীড় জমে যায়। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে মঙ্গলবার ব্রজেন্দ্র কুমার ভদ্রকে টেলিফোনে জিজ্ঞাসা করা হলে তিনি শরীফকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
মো.আইয়ুব খান গত ১০ অক্টোবর শাহবাগ থানায় শরীফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে পাওনা ১ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ এনে এ মামলা করেন।
মামলার আরজিতে বলা হয়, শরীফ ২০০২ সালের ৫ নভেম্বর বাংলামোটরের ১২ নম্বর ময়মনসিংহ রোডের হ্যাপি হোমস এর বহুতল ভবনের জন্য মাটিকাটা ও সরানোর কাজ বাদীকে দেন। কাজ সম্পন্ন হওয়ার পর বাদী ১ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকার বিল দিলে অভিযুক্ত ৩৪ লাখ ৩৫ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করেন। বাকী ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা পরেশাধের জন্য মিথ্যা আশ্বাস দেন শরীফ। এরপর গত বছরের ৩১ আগস্ট শালিসের মাধ্যমে ৩৫ লাখ টাকার একটি চেক বাদীকে দেন অভিযুক্ত। কিন্তু বার বার সেই চেক অভিযুক্তের এনসিসি ব্যাংক ধানমন্ডি শাখায় প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। গত বছরের ১৩ মার্চ বাদীকে শরীফ ক্ষতিপূরণসহ ১ কোটি ১৯ লাখ টাকা ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন।
অনুসন্ধানে জানা গেছে, মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত শরীফ আদালতে আত্মসমর্পণ করেননি।
এদিকে বাদী আইয়ুব খান জানান, সোমবার রাতে তিনি তার পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তের ময়মনসিংহ রোডের কার্যালয়ে ভাড়া করা মাস্তান লালবাগ এলাকার শেখ রাসেল রাজু এবং লালমাটিয়ার বিটার শাহবাগ থানা পুলিশের সামনেই তাকে হুমকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯২৯ ঘ.
bdnews24