ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ তম বিসিএস এর প্রিলিমিনারিতে ১৩ হাজার ৫৩৬ জন উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার গত আগস্টে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশ হয়।
সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর তথ্য কর্মকর্তা মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফল প্রকাশের কথা নিশ্চিত করেছেন।
এদিকে সরকারি কর্ম কমিশন (পিএসসি)- এর এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানিয়ে বলা হয়, প্রশাসনিক কারণে ১৪ পরীক্ষার্থীর ফল স্থগিত রয়েছে। ২৫ অক্টোবরের মধ্যে তাদের পিএসসিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িকভাবে উত্তীর্ণ এই ১৩ হাজার ৫৩৬ জনকে প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে ১ নভেম্বর থেকে ১৯ নভেম্বরের মধ্যে (প্রতি কর্মদিবসে সকাল ১০ টা থেকে ৪ টা) মূল আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পিএসসি'র প্রধান কার্যালয়ে ও বিভাগীয় শহরের আঞ্চলিক কার্যালয়ে জমা নেওয়া হবে বলে পিএসসি জানিয়েছে।
২৯তম বিসিএস এর অধীনে মোট ১৫৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৪০১টি এবং টেবনিক্যাল ক্যাডারে ১১৮০টি সরকারি পদে নিয়োগ দেওয়া হবে।
গত ১৪ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় এক লাখ ২৪ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এএল/জিএনএ/২০১৫ ঘ.
bdnews24