২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন শাহজাহান সিরাজ

জামিন স্থগিতের আদেশ খারিজ হওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে মঙ্গলবার বিকালে ছাড়া পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন স্থগিতের আদেশ খারিজ হওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে মঙ্গলবার বিকালে ছাড়া পান তিনি। শাহজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা জামিনে মুক্তি পেয়েছেন। বিকাল ৫টায় তার কক্ষ থেকে কারারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে।" কারামুক্তির পর বিএনপি নেতা-কর্মীরা দলের সহসভাপতি শাহজাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সাবেক সাংসদ সিরাজ গত ৩০ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। দুটি দুর্নীতি মামলায় গত ১৮ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তবে ২৫ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে। শাহজাহান সিরাজের আবেদনে সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের চেম্বার বিচারপতির স্থগিতাদেশ খারিজ করে। ২০০৭ সালের ২৯ আগস্ট কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় শাহজাহান সিরাজকে ৮ বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া সম্পদের তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৩ এপ্রিল তার ১৩ বছর সাজা হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শাহজাহান সিরাজের অনুপস্থিতিতেই মামলা দুটির রায় হয়। কর ফাঁকির মামলায় শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ এবং ছেলে রাজিব সিরাজ ও পুত্রবধূ ফারজানা খানও সাজাপ্রাপ্ত। তবে সব সাজার ওপরই উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭৪৫ ঘ.