২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গ্রেনেডসহ গ্রেপ্তার তিনজন পাঁচদিনের রিমান্ডে

শেরপুরে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেনেডসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

শেরপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেনেডসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শেরপুরের বিচার বিভাগীয় হাকিম পলাশ চন্দ্র রায়ের আদালতে ওই তিনজনকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) বজেন্দ্র নাথ মণ্ডল ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচদিন হেফাজতে রাখার অনুমতি দেয়। ঢাকার র‌্যাব-১ এর সদস্যরা রোববার রাত আড়াইটার দিকে ১০টি আর্জেস গ্রেনেডসহ এই তিনজনকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পানবর ও ছোটগজনী গ্রাম থেকে আটক করে ঢাকায় নিয়ে যায়। সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে তাদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এরা হলেন- মো. রফিকুল ইসলাম (৩৬), পাং ভাং সাংমা (৩৭) ও নিতিন সাংমা (২৫) গ্রেপ্তারকৃতরা দাবি করেছেন- শুক্রবার রাতে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা গ্রেনেডের ব্যাপারে তারা কিছু জানে না। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সোয়া ১১টার দিকে উদ্ধার করা গ্রেনেডসহ তিনজনকে থানায় সোপার্দ করে র‌্যাব। র‌্যাব-১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. জয়নাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার এজাহারে বলা হয়, দেশের ভেতর নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই তিনজন শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে এসব গ্রেনেড বেচাকেনার জন্যে জড়ো করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১৮ ঘ.