খুলনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড়ে একটি বেসরকারি ক্লিনিকে সোমবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর করেছেন।
এক রোগীর অভিভাবকের মোবাইল ফোট সেট চুরি যাওয়ার ঘটনায় সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সহ-সভাপতি (ভিপি) বিএম মহিমের নেতৃত্বে ছাত্রলীগের ২০/৩০ জন নেতাকর্মী এই ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন খুলনা নার্সিং হোম নামের ক্লিনিকটির চিকিৎসক ও নার্সরা।
মহিম খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বিএম জাফরের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির-উল গিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাত সাড়ে ৯টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এখনও মামলা হয়নি।
খুলনা নাসিং হোমের চিকিৎসক মো. সাদ্দামুল হক জুয়েল অভিযোগ করেন, সোমবার সকালে ক্লিনিকের ৩১৯ নম্বর কক্ষের শিশু রোগী সেজুতি বর্ষার (৩) মা দীপা বিশ্বাসের বেনকিউ সিমেন্স মডেলের একটি মোবাইল ফোন সেট খোয়া যায়। ভিপি মহিমসহ ১০/১২ যুবক ক্লিনিকে এসে ঘটনা জানতে চান।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে মহিম ক্লিনিকের ব্যবস্থাপক সেলিম শিকদারকে গালাগালি করেন। প্রতিবাদ করলে মহিমসহ তার সঙ্গে থাকা যুবকরা সেলিমকে বেধড়ক মারপিট করে।
এসময় তারা ক্লিনিকের অভ্যর্থনা কক্ষ, প্যাথলজি, এক্সরে, ওষুধ বিভাগ, দুটি টেলিভিশন, সাইন বোর্ড ক্লিনিকের দরজা জানালাসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়।
ভাঙচুর চলাকালে আরও ২০/২২ জন যুবক এসে তাদের সঙ্গে যোগ দেয়। কিছুক্ষণের মধ্যে অধিকাংশ যুবক চলে যায়।
এক পর্যায় ক্লিনিকের নার্সরা মূল গেটে তালা লাগিয়ে দিয়ে পুলিশকে খবর দেয়। এসময় মহিমসহ পাঁচজন ওই ক্লিনিকের মধ্যে আটকা পড়েন।
খবর পেয়ে পুলিশ এসে গেটের তালা খুলে মহিম ও তার সঙ্গীদের বের করে দিয়ে চলে যেতে বলে।
ক্লিনিকের সামনে রাস্তার দুই পাশে জমা হওয়া শত শত লোকের সামনে খুলনা থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম নিজে ভিপি মহিমসহ যুবকদের চলে যেতে সহায়তা করে বলে অভিযোগ করেন ডা. সাদ্দামুল হক।
এ ব্যাপারে উপ-পরিদর্শক রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কাউকে বের হতে সহায়তা করিনি। ক্লিনিকের ভেতরের অবস্থা দেখার জন্য শুধুমাত্র গেট খুলতে বলেছি।"
ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "ছাত্রলীগের ভিপি মহিমের সঙ্গে তো অন্য দলের ছেলেরা থাকবে না।"
এর চেয়ে বেশি কিছু বলবেন না বলে জানান এসআই রহিম।
মহিমকে বের হতে সহায়তা করার ব্যাপারে এসআই রহিমের বিরুদ্ধে করা অভিযোগ ওসি মনিরও অস্বীকার করেছেন।
দীপা বিশ্বাস অভিযোগ করে, সোমবার সকালে তার মেয়েকে দেখার জন্য তার কোনো পরিচিত ব্যক্তি আসেননি। শুধু ক্লিনিকের একজন কর্মচারী (ক্লিনার) এসেছিলেন। ওই কর্মচারী তার মোবাইল ফোন সেটটি নিয়ে গেছেন বলে তিনি ধারণা করছেন।
তিনি জানান, বিষয়টি মহিমকে জানানোর পর ক্লিনিকে এসে তিনি ঘটনাটি জানতে চান। কিন্তু ব্যবস্থাপক সেলিম তার (মহিম) সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধাক্কা দেন। পরবর্তীতে মারামারির ঘটনা ঘটে।
খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই নিন্দনীয়। তবে ঘটনার জন্য কে দায়ী তা অবশ্যই বিচার্য বিষয়।"
ছাত্রলীগের সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি বলেন, "ঘটনাটি নিতান্তই ব্যক্তিগত।"
এ বিষয়ে মহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24