ঢাকা,অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে রোববার রাতে ১০টি তাজা আর্জেস গ্রেনেডসহ তিনজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব।
গ্রেপ্তার করা তিনজন হলেন- রফিকুল ইসলাম (৩৬), পাং ভাং সারমা (৩৭) ও নিতিন সারমা (৩৬)।
সোমবার দুপুরে র্যাব এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক আবুল কালাম আজাদ।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীমের সমাবেশে এই ধরনের আর্জেস গ্রেনেড ব্যবহার করা হয়েছিল বলে তিনি জানান।
তবে উদ্ধার করা গ্রেনেডগুলো কোথায় এবং কি কাজে ব্যবহার করার জন্য জোগাড় করা হয়েছিল তা র্যাব জানাতে পারেনি।
র্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১ এবং র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রাম থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার ছোট গজনি থেকে পাং ভাং সারমা এবং নিতিন সারমাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেনেডগুলো ২১ আগস্ট হামলায় ব্যবহৃত গ্রেনেডের মতো জানিয়ে আবুল কালাম বলেন, "এগুলো অস্ট্রিয়ার তৈরি হয়। তবে আরও কয়েক দেশও এ ধরনের গ্রেনেড তৈরি করছে। এগুলো কোথায় তৈরি সেটা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।"
এগুলো বিডিআর বিদ্রোহের সময় লুট হওয়া গ্রেনেড কিনা জানতে চাইলে র্যাব কর্মকর্তা বলেন, "পিলখানা থেকে লুট হওয়া গ্রেনেডের সঙ্গে এর কোনো মিল নেই।"
উদ্ধার করা গ্রেনেডগুলোর উৎস এবং এগুলো কেন আনা হয়েছে জানতে চাইলে আবুল কালাম বলেন, "তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।"
গ্রেপ্তার করা তিনজনকে সাংবাদিকদের সামনে আনা হলেও তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24