ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল ওষুধ প্রস্তুত ও বিপণনের জন্য অভিযুক্ত রিড ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন।
সোমবার সকালে ওষুধ নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় জামিন চাইলে বিচারক এ এন এম বশির উল্লাহ শুনানির জন্য আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করেন।
১০ আগস্ট ওষুধ প্রশাসন পরিদপ্তরের একজন কর্মকর্তা ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ ও ভিাটমিন বি কমপ্লেক্স সেবনে কিডনি অকেজো হয়ে শিশু মারা গেছে বলে গত ২১ জুলাই কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। সে সময় ওষুধ প্রশাসন জনস্বার্থে ওই ওষুধ কোম্পানিকে উৎপাদন ও বাজারজাতকরণে বিরত থাকতে সতর্ক করে দেয়।
পরবর্তীতে মহাখালির ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে রিডের ওষুধ পরীক্ষা করে দেখা যায় এগুলো ভেজাল ও মানসম্মত নয়। কোম্পানিটির প্যারাসিটামল সিরাপের নমুনায় ক্ষতিকর ডাই ইথাইল গ্লাইকল রয়েছে বলেও পরীক্ষায় প্রমাণিত হয়।
ডাই ইথাইল গ্লাইকল মূলত প্লাস্টিক বা চামড়ার রঙের থিনার হিসাবে ব্যবহার করা হয়।
মামলা দায়েরের দিনই মিজানুর রহমান এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক শিউলি রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা।
মামলায় এই দুই জন ছাড়াও আরও তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরা হলেন- রিড ফার্মার অপর পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
সোমবার আদালতে করা জামিন আবেদনে বলা হয়, গত ১৮ আগস্ট মিজানুর রহমান এবং তার স্ত্রী শিউলি রহমান বিচারপতি এ এস এম আব্দুর রহমান এবং এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে আত্মসমর্পণ করে আগাম জামিন চান। ওই দিন শুনানিশেষে মহানগর দায়রা জজের সন্তুষ্টি সাপেক্ষে শিউলিকে ৬ মাসের জামিন মঞ্জুর করা হয় এবং মিজানুর রহমানকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
এসময়ের মধ্যে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা যাবে না বলেও আদেশ দিয়ে আদালত জানায়, মহানগর দায়রা জজ মিজানুর রহমানের জামিনের বিষয়টি বিবেচনা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জিএনএ/১২৪৮ ঘ.
bdnews24