২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার মৃত্যুর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি, ১৮ নভেম্বর আদেশ

চিত্রনায়ক আসলাম তালুকদার মান্নার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে দায়ের করা মামলায় ছয় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আগামী ১৮ নভেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিত্রনায়ক আসলাম তালুকদার মান্নার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে দায়ের করা মামলায় ছয় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আগামী ১৮ নভেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. ফিরোজ আলম এ দিন ধার্য করেন। এ সময় গুলশানের ইউনাইটেড হাসপাতালের অভিযুক্ত ছয় চিকিৎসক মো. এনায়েত হোসেন শেখ, মোমেনুজ্জামান, খন্দকার মাহবুব সোহাইল, ফাতেমা, মইনুল ইসলাম ও জহিরউদ্দিন মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। রোববার শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন দুলাল এবং বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মো. মুশফিকুল হুদা আদালতে বলেন, অভিযুক্ত চিকিৎসকদের অবহেলার কারণেই মান্নার মৃত্যু হয়েছে। তাই মান্নার মৃত্যুর জন্য তারাই দায়ী। অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও এ এফ এম আব্দুল ওয়াদুদ আদালতে বলেন, অভিযুক্তরা মান্নাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিয়েছেন। তাই তারা মান্নার মৃত্যুর জন্য দায়ী নয়। গত বছরের ১৭ ফেব্র"য়ারি ভোর ৪টায় চিত্রনায়ক মান্না হৃদপিণ্ডে ব্যাথা অনুভব করলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিজেই ভর্তি হন। পরে তিনি মারা যান। মান্নাকে সঠিক সময়ে চিকিৎসা না দেওয়ায় তিনি মারা গেছেন-এই অভিযোগ এনে মান্নার স্ত্রীর বড় ভাই রেজা জাবেদ ওই ছয় চিকিৎসকের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। মামলাটির বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ছয় চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তারা উচ্চ আদালত থেকে জামিন নেন। এদিকে এ মামলার দ্রুত বিচার চেয়ে মানব বন্ধন করেছে মান্না ফাউন্ডেশন। রোববার ঢাকা জেলা জজ আদালতের সামনে ফাউন্ডেশনের পক্ষ থেকে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২০২০ ঘ.