গাজীপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে অতিরিক্ত শিক্ষার্থী ওঠার ঘটনায় রোববার দুপুরে গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র ও বাস শ্রমিকদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এর জেরে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জসহ স্থানীয় কয়েকটি সড়কে দুপুর ১২টা থেকে সাড়ে ৬ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাসে ত্রিমোহনী বাসস্ট্যান্ড থেকে কাপাসিয়া কলেজের ১৫-২০ জন শিক্ষার্থী ওঠে। কিছুক্ষণ পর বাসটি পরবর্তী উত্তরখাম বাসস্ট্যান্ডে পৌঁছালে চালকের সহকারী ছাত্র-ছাত্রীদের নেমে সাধারণ যাত্রীদের ওঠার সুযোগ দিতে বলেন। শিক্ষার্থীরা এতে রাজি না হলে বাস শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
তিনি বলেন, কলেজে পৌঁছে ওই শিক্ষার্থীরা সহপাঠিদের ঘটনাটি জানালে দুপুর ১২টার দিকে আরও শিক্ষার্থী কাপাসিয়া বাসস্ট্যান্ডে এসে ওই পরিবহন কোম্পানির একটি বাসের কাচ ভাঙচুর করে। এতে বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
এ সময় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জসহ কয়েকটি সড়কে বাস চলাচল বন্ধ থাকে। দুপুর ২টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাস চলাচল শুরু হয়।
ওসি আরও জানান, বাস চলাচল শুরু হওয়ার পর দুপুর আড়াইটার দিকে ঢাকা-কাপাসিয়া সড়কের জামিড়ার চর এলাকায় বিক্ষুব্ধ ছাত্ররা আবারও বাস চলাচল বন্ধ করে দেয়।
ঘটনাস্থলে থেকে সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সাড়ে ৬টায় পুলিশ গিয়ে ছাত্রদের সরিয়ে দিলে বাস চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24