ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর বিভিন্ন ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গায় অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজধানীতে একশ' ৯৮টি ভবন চিহ্নিত করে রোববার থেকে এ অভিযান শুরু হয়েছে। অভিযানে এসব ভবনের পার্কিং এর জায়গায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা ভেঙে ফেলা হবে।
বেলা ১১টার দিকে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে একটি দল ধানমন্ডির সাত মসজিদ রোডের সাতটি ভবনে অভিযান চালায়। তবে সেখানকার আলমাস সুপার শপে অভিযান চালাতে গিয়ে কর্মচারীদের বাধার মুখে পড়ে রাজউকের দলটি।
পুলিশ আলমাসের শপের তিন কর্মচারিকে গ্রেপ্তার করলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলমাস সুপার শপের জায়গায় অফিসের অনুমোদন আছে। কিন্তু তারা শপিং মল বানিয়ে ব্যবসা করছে।"
আলমাসের ম্যানেজার জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়ম মেনেই এখানে ব্যবসা করছি। তাছাড়া রাজউক কোনও নোটিশ দেয়নি। আর ভেঙে ফেলার সময় মালামাল সরানোর জন্য সময় চেয়েও পাইনি।"
শপিং মলের শাটার, গ্লাস ভেঙে দিয়ে রাজউকের দলটি সেখান থেকে চলে যায় বলে তিনি অভিযোগ করেন।
রাজউকের অথরাইজ অফিসার আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিনে জিয়াং জিং চাইনিজ, বিকল্প ডেন্টাল ক্লিনিক, স্টার কাবাব, কাকলী উচ্চ বিদ্যালয়, আলমাস সুপার শপ ও উৎসব রেস্টুরেন্টে অভিযান চালায়।
সোমবারও অভিযান চলবে বলে জানান অথরাইজ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এসএইচ/১৭৫৯ ঘ.
bdnews24