২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের আনতে বিভিন্ন দেশের সহায়তা চাইব: সাহারা

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মধ্যে যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনতে ওই সব দেশের সহায়তা চাইবে ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ইন্টারপোলের এক সম্মেলনে যোগ দিতে শনিবার রাতে সিঙ্গাপুর রওনা হওয়ার আগে জিয়া বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 08:46 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মধ্যে যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনতে ওই সব দেশের সহায়তা চাইবে ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ইন্টারপোলের এক সম্মেলনে যোগ দিতে শনিবার রাতে সিঙ্গাপুর রওনা হওয়ার আগে জিয়া বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের খবরে বলা হয়, "বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিরা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সম্মেলনে আমি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহবান জানাব।" বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে গত সোমবার সুপ্রিম কোর্টে আপিল শুনানি শুরু হয়েছে। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ বেশ কয়েকজন বিদেশে পালিয়ে আছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। সিঙ্গাপুরে ইন্টারপোলের ৭৮শ সাধারণ অধিবেশনে ৩৮টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছে। ১১ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠেয় ওই সম্মেলনে ১৮৭টি দেশের পুলিশ প্রধানও অংশ নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পালিয়ে থাকা বাংলাদেশী সন্ত্রাসীদের ফেরত দেওয়ার জন্যও তিনি বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানাবেন। আগামী ১৭ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৪৩৮ ঘ.