২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ বিপ্লবের জনকের প্রতি শ্রদ্ধা

নোবেল বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরম্যান ই বোরলগের বিখ্যাত কাজ থেকে লাভবান হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি বলে উল্লেখ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) ড. বোরলগ স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নোবেল বিজয়ী এই কৃষি বিজ্ঞানীর মতো গবেষণার মাধ্যমে এদেশের কৃষিখাতে অবদান রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 07:44 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরম্যান ই বোরলগের বিখ্যাত কাজ থেকে লাভবান হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি বলে উল্লেখ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) ড. বোরলগ স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নোবেল বিজয়ী এই কৃষি বিজ্ঞানীর মতো গবেষণার মাধ্যমে এদেশের কৃষিখাতে অবদান রাখতে হবে। ক্যান্সারজনিত জটিলতায় ভুগে গত ১২ সেপ্টেম্বর বোরলগের মৃত্যু হয়। ক্ষুধা মোকাবেলায় কৃতিত্বের জন্য আন্তর্জাতিক খ্যাতি পান তিনি। মানবতার প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হন এ বিজ্ঞানী। বোরলগ উচ্চফলনশীল জাতের কয়েক ধরনের গম উদ্ভাবন করেন, যার ফলন তিন থেকে ছয়গুণ বেশি ছিল। ধারণা করা হয়, তার এ উদ্ভাবন সত্তরের দশকে একশ' কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। মতিয়া চৌধুরী বোরলগকে 'সবুজ বিপ্লবের জনক' আখ্যা দিয়ে বলেন, "উদ্ভিদ প্রজননে বোরলগের কাজ এশিয়া ও লাতিন আমেরিকায় খাদ্য উৎপাদনের সাফল্যে প্রভূত অবদান রেখেছে।" তিনি নতুন প্রযুক্তির সঙ্গে দ্রুত তাল মিলিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য বিজ্ঞানীদের প্রতি আহবান জানান। মতিয়া বলেন, "তাপ ও খরায় টিকে থাকতে পারে- এমন জাতের গম উদ্ভাবন করতে না পারলে গমের উৎপাদন কখনও বাড়বে না।" অনুষ্ঠানে বোরলগের ওপর প্রবন্ধ পাঠ করেন সাবেক সচিব ড. জহুরুল করিম। তিনি বোরলগের বিষয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। ১৯৯৮ সালে ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক বিশেষ সমাবর্তনে তাকে ড. অব সায়েন্স উপাধিতে ভূষিত করার কথাও উল্লেখ করেন তিনি। বোরলগের ঘনিষ্ট সহযোগী সায়েন্টিস্ট এমেরিটাস ড. কাজী বদরুদ্দোজা বাংলাদেশে তার গোড়ার দিনগুলো এবং গবেষণায় তার অবদানের স্মৃতিচারণ করেন। এ ছাড়া আরও কয়েকজন বিজ্ঞানী বক্তব্য দেন। আলোচকরা বলেন, ড. বোরলগের কৃতিত্ব হচ্ছে এটা প্রমাণ করা যে দ্রুত জনসংখ্যা বেড়ে চলা উন্নয়নশীল দেশগুলোতে উন্নত ও জোরদার কৃষিপদ্ধতি কাজে লাগিয়ে সাফল্য পাওয়া সম্ভব। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিনিধি অ্যাড স্পাইকার্স রকেফেলার ফাউন্ডেশনের অন্যতম এক পরিচালককে উদ্ধৃত করে বলেন, তাদের হিসেবে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ড. বোরলগ ও তার সবুজ বিপ্লব এর সহযোগীদের উদ্ভাবিত শস্যের তৈরি খাবার খায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসএইচ/এসকে/০১৪১ ঘ.