২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তিনটি পাঁচতলা ভবন হেলে পড়েছে

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় শনিবার সন্ধ্যায় পাশাপাশি তিনটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবনগুলোর দুই শতাধিক বাসিন্দা ও এলাকাবাসী বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় শনিবার সন্ধ্যায় পাশাপাশি তিনটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবনগুলোর দুই শতাধিক বাসিন্দা ও এলাকাবাসী বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে। তিনটি ভবনের মধ্যে দু'টির মালিক দুবাই প্রবাসী আশরাফ ও কানাডা প্রবাসী ভুলু মিয়া। অপরটির মালিক সদর উপজেলার কমর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকা হোসনেআরা। রাত ১১টায় ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, হোসনেআরার ভবনটি বেশ কিছুদিন আগে আশরাফের ভবনটির গায়ে হেলে পড়ে। আশরাফের ভবনটি হেলে পড়ে পাশের ভুলু মিয়ার ভবনের গায়ে। ভুলু মিয়ার বাড়ির চারতলার ভাড়াটে গৃহিনী রওশন জাহান বলেন, "ভবন হেলে পড়ায় ছেলেমেয়েদের নিয়ে চরম নিরাপত্তাহীন বোধ করছি। এখনই বাড়ি ছেড়ে যেতে পারলে বাঁচতাম। কিন্তু রাত হয়ে যাওয়ায় কিছুই করতে পারছি না।" ২০০১ সালে শিক্ষিকা হোসনেআরা পাঁচতলা ভবনটি নির্মাণ করেন। অপর দু'টি ভবন কবে নির্মাণ হয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.