২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ঢাকার কলেজ ছাত্রকে অপহরণ, পরে উদ্ধার

ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে অপহৃত কলেজ ছাত্রকে প্রায় ২২ ঘণ্টা পর শনিবার উদ্ধার করা হয়েছে। অপহরণের শিকার টনিক মুন্সী রাজধানীর মিরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রাজবাড়ী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে অপহৃত কলেজ ছাত্রকে প্রায় ২২ ঘণ্টা পর শনিবার উদ্ধার করা হয়েছে। অপহরণের শিকার টনিক মুন্সী রাজধানীর মিরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ আলতাফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ফরিদপুরের সালথা থানার বড়খারদিয়া গ্রামের বাড়ি থেকে বাসে করে ঢাক যাওয়ার পথে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ে ৬/৭ জনের একটি দল টনিককে মারধর করে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে রাজবাড়ীর গোদার বাজার এলাকায় পদ্মার তীরে একটি ঘরে আটকে রেখে টনিকের মোবাইল ফোন থেকে তার বড় ভাই জামান মুন্সীকে ফোন করে ১৫ হাজার টাকা নিয়ে আসতে বলে তারা দুর্বৃত্তরা। জামান শনিবার সকালে রাজবাড়ীতে ছুটে এসে পুলিশ সুপারিনটেনডেন্টের সঙ্গে যোগাযোগ করেন। পরে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ রাজবাড়ী শহরের অদূরে চরনারায়ণপুর চৌরাস্তা থেকে টনিককে উদ্ধার করে। এ সময় আলতাফকে আটক করে পুলিশ। তার বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুরে। শনিবার সন্ধ্যায় জামান মুন্সী বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আলতাফ বেশ কয়েকজনের নামসহ অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, আলতাফের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি কোনো চরমপন্থী দলে সদস্য বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৮ ঘ.