ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় শিগগিরই গঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শনিবার ঢাকার বিচার প্রশাসন ইনস্টিটিউটে ৯১তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ২৯ অক্টোবর পর্যন্ত ২২ জন বিভিন্ন যুগ্ম জেলা ও দায়রা জজ এ প্রশিক্ষণ নেবেন।
আইনমন্ত্রী বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ বাস্তবে কার্যকর করতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় থাকা উচিত। অতি শিগগির প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।"
যুদ্ধাপরাধীদের বিচার শুরুর বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারকাজ পরিচালনার জন্য নির্মাণ করা হচ্ছে সুরক্ষিত এজলাস কক্ষ। এ জন্য পূর্ত মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।"
দেশে বিচারক সঙ্কট হবে না জানিয়ে শফিক বলেন, "বেশ কয়েকজন বিচারক অবসরে যাচ্ছেন। তবে তাদের জায়গা পূরণের জন্য আসছেন ২৯১ জন নতুন বিচারক। যারা গত বিএসএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।"
তবে এজলাস সঙ্কটের কারণে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্বীকার করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, "এজলাস সঙ্কটের কারণে এক এজলাস কক্ষে তিনজন বিচারককে বসতে হয়। অবকাঠামোসহ অন্যান্য সুবিধা পর্যাপ্ত নয় বলে এ অবস্থা।"
আদালতে মামলাজট কমাতে দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলা নিষ্পত্তিতে বাধ্যতামূলকভাবে বিকল্প নিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালুর বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানান তিনি।
সারা দেশের আদালতগুলোকেই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী অনুষ্ঠানে বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর ঢাকার নিু আাদালতে ২০০ কম্পিউটার সরবরাহ করা হয়েছে।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মূল আইন বইয়ের পাশাপাশি প্রচুর কনফারেন্স পুস্তক পাঠ করতে হবে। ভালো বিচারক হতে সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মো. হামিদুল হকও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24