২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচল প্রকল্পের আরও ১১৭৩ প্লট বরাদ্দ

রাজউকের পূর্বাচল প্রকল্পের আরও ১১৭৩টি প্লট লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যবসায়ী-শিল্পপতি, বেসরকারি চাকুরে এবং অন্যান্য শ্রেণিভুক্ত আইনজীবীদের প্লটের লটারি হয় শনিবার। ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লটারি চলে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 06:09 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউকের পূর্বাচল প্রকল্পের আরও ১১৭৩টি প্লট লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যবসায়ী-শিল্পপতি, বেসরকারি চাকুরে এবং অন্যান্য শ্রেণিভুক্ত আইনজীবীদের প্লটের লটারি হয় শনিবার। ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লটারি চলে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর লটারির মাধ্যমে ওই প্রকল্পের ১ হাজার ৭৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়। শনিবারের লটারিতে ৪৭২ জন ব্যবসায়ী-শিল্পপতি, ৫৯১ জন বেসরকারি চাকুরে এবং ১১০ জন আইনজীবী প্লট বরাদ্দ পেয়েছেন। ব্যবসায়ী-শিল্পপতিদের ৪৭২টি প্লটের মধ্যে ৩ কাঠার প্লট ছিল ১৭৬টি, ৫ কাঠার ২১৩টি, সাড়ে ৭ কাঠার ৫৭টি এবং ১০ কাঠার ২৬টি। এ শ্রেণিতে প্লটের জন্য মোট নির্ভুল আবেদনকারী ছিলেন ১৭ হাজার ৩৯৭ জন। ৩ হাজার ৮৮৮টি আবেদনপত্র বাতিল হয়। বেসরকারি চাকুরেদের ৩ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন ২২০ জন। এতে মোট নির্ভুল আবেদন ছিল ৫ হাজার ৭৩২টি, বাতিল হয় ১০০৮টি। ৫ কাঠার প্লট পেয়েছেন ২৬৭ জন। নির্ভুল আবেদন ছিল ১০ হাজার ৩৭৩, বাতিল হয় ১ হাজার ৩৯২টি। বেসরকারি চাকুরেদের সাড়ে ৭ কাঠার প্লট বরাদ্দ হয়েছে ৭২টি। নির্ভুল আবেদন ছিল ২ হাজার ১৭টি, বাতিল হয় ২০২। ১০ কাঠার প্লট বরাদ্দ হয়েছে ৩২টি। আবেদন ছিল ১ হাজার ৬৮৩টি, বাতিল হয় ২৬৪টি। আইনজীবীদের মধ্যে ৩ কাঠার প্লট পেয়েছেন ৪০ জন। নির্ভুল আবেদন ছিল ১৯১টি, বাতিল হয় বাতিল ২৮টি। ৫ কাঠার প্লট পেয়েছেন ৫০ জন। নির্ভুল আবেদন ছিল ৫৫৬টি, বাতিল হয় ৪৭টি। সাড়ে ৭ কাঠার প্লট পেয়েছেন ১৪ জন আইনজীবী। ১০১টি নির্ভুল আবেদনের বিপরীতে বাতিল হয় ৭টি। ১০ কাঠার প্লট পেয়েছেন ৬ জন। নির্ভুল আবেদন ছিল ১৩১টি, বাতিল হয় ১০টি। লটারির ড্র অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মাহবুবউর রহমান উপস্থিত রয়েছেন। পূর্বাচল আধুনিক শহর প্রকল্পে মোট প্লটের সংখ্যা ১৭ হাজার ৫০০টি। এর মধ্যে আগের সরকারগুলো বরাদ্দ দেওয়ার পর ৬ হাজার প্লট বরাদ্দ বাকি রয়েছে। বর্তমান সরকার তা বরাদ্দ দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪০০ ঘ.