খাগড়াছড়ি, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের হরতাল ডেকেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা শাখা নেতা অং গ্রজাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার রাতে জানান, সাংগঠনিক সফরে বাধা দেওয়ায় সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল শরীফ আহম্মেদ ও লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদকে প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
ইউপিডিএফ এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মিঠুন চাকমা জানান, ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার না করা পর্যন্ত হরতাল চলবে।
তবে সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল শরীফ আহম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা প্রয়াত রুইখই এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে শুক্রবার প্রথমে চিটাগাং হিল ট্র্র্যাক্টস ন্যাশনাল ফোরাম (সিএইচটিএনএফ) সদস্যরা এবং পরে সেনা ও পুলিশ সদস্যরা তাদের বাধা দেন বলে অভিযোগ করেছেন ইউপিডিএফ নেতারা।
সিএইচটিএনএফকে তারা সেনাসর্মথনপুষ্ট সংগঠন বলেও দাবি করেন।
ইউপিডিএফ নেতা অংগ্য মারমা বলেন, গত ২ অক্টোবর স্থানীয় মুখোশ বাহিনীর হাতে ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা রুইখই মারমা খুন হন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের স্বাক্ষরিত শান্তি চুক্তির বিরোধী ইউপিডিএফ পার্বত্য অঞ্চলে পূর্ণ স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের এর আগের মেয়াদে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাবর্ত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়।
এবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ওই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে সেখান থেকে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার করে নেয়। একই সময়ে সেখানে স্থাপিত নিরাপত্তা বাহিনীর ৩৫টি ক্যাম্প প্রত্যাহার করা হয়।
খাগড়াছড়ির ইউপিডিএফ নেতা অং গ্রজাই আরও জানান, শুক্রবার দুপুরে রুইখই এর বাড়িতে যাওয়ার পথে লক্ষ্মীছড়ি বাজারে ইউপিডিএফ কার্যালয়ে প্রথমে সিএইচটিএনএফ সদস্যরা তাদের বাধা দেয়।
তিনি বলেন, "পরে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শরিফ আহমেদ ও লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ইউপিডিএফ কার্যালয়ে গিয়ে ওই অনুষ্ঠানে না যাওয়ার জন্য কৌশলে তাদের চাপ দিতে থাকেন।"
এতে ব্যর্থ হয়ে গুচ্ছগ্রামের বাসিন্দাদের উসকে দিয়ে তাদের হয়রানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন অং গ্রজাই।
ইউপিডিএফ নেতা মিলন চাকমা জানান, সিএইচটিএনএফ নেতা-কর্মীদের হামলায় তাদের কমপক্ষে ছয় কর্মী আহত হয়েছে। এরা হলো, নেনসন চাকমা (২০), প্রতুল চাকমা (১৮), মংসাজাই মারমা (২২), মিনতি চাকমা (১৫), জয়া চাকমা (১৪) ও জিকো চাকমা (২৫)।
এছাড়া রুমি চাকমা (১৪), চঞ্চনা চাকমা (১৫) ও পাইতুই মারমা (২৩) নামে আরও তিন কর্মী নিখোঁজ রয়েছে বলেও দাবি করেন মিলন চাকমা।
লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান রাম্রাচই চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিএইচটিডিএফ সদস্যরা তাকে তার কার্যালয়ে আটকে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
তিনি বলেন, "আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে লে. কর্নেল শরীফকে প্রত্যাহার করা হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০১৯ ঘ.
bdnews24