ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাসহ বিভিন্ন হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এলজিইডি মিলনায়তনে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১-এর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, "২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাসহ বিভিন্ন হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ঘটনার নেপথ্যের নায়কদের খুঁজে বের করতে সরকার সেসব হত্যাকাণ্ডের পুনঃতদন্তের উদ্যোগ নিয়েছে।"
তিনি জানান, সমাজে নানাভাবে অস্থিরতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে সরকার দেশের উন্নয়নকে গতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১-এর গভর্নর খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক ডিরেক্টর শেখ কবির হোসেন, লায়ন্স এম. শাহবাজান খাদেম, লায়ন্স মোহাম্মদ মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ইয়াফেস বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের নষ্ট সময়কে কাজের সময়ে পরিণত করতে হবে। এতে জনগণ নিজেই নিজের অবস্থার পরিবর্তন করতে পারবে।"
অনুষ্ঠানে লায়ন্স রহমত আলী বিগত এক বছরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের অবস্থা তুলে ধরেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য বেশ কিছু সদস্যকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সেবা সপ্তাহের সাহিত্য, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
আইনমন্ত্রী ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এসএইচ/২২০৫ ঘ.
bdnews24