২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আকস্মিক বন্যা

অতিবৃষ্টির কারণে কয়েকটি নদীর পানি বেড়ে যাওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তবে আগামী দু'একদিনের মধ্যে বৃষ্টিপাত কমে এলে এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিবৃষ্টির কারণে কয়েকটি নদীর পানি বেড়ে যাওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তবে আগামী দু'একদিনের মধ্যে বৃষ্টিপাত কমে এলে এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের আসাম, মেঘালয়ে ও পশ্চিমবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বেশকিছু নদীর পানি বেড়ে যাওয়ায় সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪/৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমে গেলে পরিস্থিতির উন্নতি ঘটবে। পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী তাইফুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিবৃষ্টির কারণে ও হিমালয়ের ঢলে কিছু নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা আশা করছি, বৃষ্টিপাত কমে গেলেই এসব এলাকার পানি নেমে যাবে।" এদিকে গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদীর পানি ৮৭ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় আশপাশের এলাকায় নদী ভাঙন ও অববাহিকায় প্লাবনের আশংকা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, ৭৩টি নদীর মধ্যে ৪৬টি নদীর পানি বেড়েছে। অপরদিকে কমেছে ২৫টি নদীর পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো ভুষিরবন্দর পয়েন্টে আত্রাই নদী বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপরে, দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদী ১০ সেন্টিমিটার ও সারিঘাট পয়েন্টে সারিগোয়াইন নদী বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশী ১৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে রামগড়ে। এছাড়া সুনামগঞ্জে ১২০ সেন্টিমিটার, লরেরগড়ে ৭৯ সেন্টিমিটার বৃষ্টিপা রেকর্ড করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০২৫ ঘ.