ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী সামরিক ব্যয় কমিয়ে সে অর্থ উন্নয়নে ব্যয় করার আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড ননভায়োলেন্স।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান নিয়ে গত ২ অক্টোবর নিউজিল্যান্ড থেকে এ মার্চ (যাত্রা) শুরু হয়েছে। আগামী ২ জানুয়ারি আর্জেন্টিনায় গিয়ে তিন মাসের এ বিশ্বপরিভ্রমণ শেষ হবে।
সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড ননভায়োলেন্সের বাংলাদেশ সমন্বয়ক আশীফ এন্তাজ রবি বলেন, পৃথিবীতে যুদ্ধের পিছনে যত অর্থ ব্যয় হয় তার মাত্র ১০ শতাংশ দিয়ে গোটা বিশ্বের ক্ষুধা ও দারিদ্র দূর করা সম্ভব।
তিনি বলেন, "আমরা এমন পৃথিবী চাই না, যেখানে কোটি কোটি ডলারে আধুনিক যুদ্ধাস্ত্র কেনা হবে, অথচ অসংখ্য মানুষ ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবে। আমরা এমন পৃথিবীতে বাস করতে চাই না, যেখানে পারমাণবিক অস্ত্রের মত বিভৎস একটি মারণাস্ত্র থাকবে, যা বিস্ফোরিত হলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে।"
সম্মেলনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ৫ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়।
এগুলো হচ্ছে: বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ। যে সব দেশে 'দখলদার' সৈন্য রয়েছে তাদের দ্রুত অপসারণ। প্রচলিত অস্ত্রসহ সব ধরনের মারণাস্ত্র হ্রাস করা। রাষ্ট্রগুলোর মধ্যে অ-আগ্রসন চুক্তি স্বাক্ষর করা এবং সব রাষেট্রর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া যে যুদ্ধকে তারা সঙ্কট সমাধানের পথ হিসাবে বেছে নেবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড ননভায়োলেন্সের কো-অর্ডিনেটর রাফায়েল ডি লা রুবিয়া, মিকি হার্স, জুনিটা ম্যাকেনজি, জেরাল্ড হরডিন ও আলুয়ারো অরুস।
ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড ননভায়োলেন্সের বাংলাদেশ মুখপাত্র শেখ মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ট্রেলিয়া ও ফিলিপাইন হয়ে শুক্রবার ভোরে এ মার্চে অংশগ্রহণকারীরা ঢাকায় পৌঁছেছে। শনিবার সকালে তারা নেপালের পথে যাত্রা শুরু করবেন। বাংলাদেশের প্রতিনিধিরাও এতে যোগ দিচ্ছেন।
ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড ননভায়োলেন্সের উদ্যোগে বিকালে জাতীয় প্রেসক্লাব থেকে টিএসসি (ঢাবি) পর্যন্ত শোভাযাত্রা হয়। সন্ধ্যায় টিএসসি সড়ক দ্বীপে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.
bdnews24