মৌলভীবাজার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় শুক্রবার দুপুর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ রয়েছে।
কমলগঞ্জের ভানুগাছ ও শমসের নগর স্টেশনের মাঝামাঝিতে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
শ্রীমঙ্গলের সহকারী স্টেশন মাস্টার ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুলাউড়া থেকে আখাউড়াগামী মালবাহী ৯০৮ ডাউন ট্রেনের দুটি বগি দুপুর ১২টার দিকে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়।"
দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকা রুটে রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
এ দুর্ঘটনার কারণে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শমসের নগরে ও আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস কুলাউড়া রেল স্টেশনে আটকা পড়েছে।
ফয়জুর জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24