২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির রাজশাহী বিভাগের প্রধানসহ সাত সদস্য গ্রেপ্তার

রাজশাহী অঞ্চলে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দলটির রাজশাহী বিভাগের প্রধানও রয়েছেন বলে পুলিশ দাবি করছে। বুধ ও বৃহস্পতিবার রাজশাহী মহানগরী, নওগাঁ এবং নাটোর থেকে এদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 06:49 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রাজশাহী, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী অঞ্চলে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দলটির রাজশাহী বিভাগের প্রধানও রয়েছেন বলে পুলিশ দাবি করছে। বুধ ও বৃহস্পতিবার রাজশাহী মহানগরী, নওগাঁ এবং নাটোর থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি কম্পিউটার, ৮টি মোবাইল ফোন সেট, জিহাদি বিভিন্ন বিষয়ের ওপর সাতটি সিডি এবং প্রায় শতাধিক জিহাদি বই-পুস্তক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেএমবির রাজশাহী বিভাগের প্রধান ও জেএমবির 'দাওয়াতী শাখা'র মুখ্য সমন্বয়ক আশরাফ ওরফে হায়দার ওরফে আব্দুর রাজ্জাক, জেএমবির এহসার সদস্য ও নওগাঁ জেলার প্রধান হাফেজ আব্দুর রহিম ওরফে ইসমাইল, নাটোর জেলার প্রধান শাহাব উদ্দিন, জেএমবি'র গায়রে এহসার সদস্য রহিদুল, মমতাজ, আসাদুল ইসলাম ও ইসারুল। শুক্রবার বিকেলে এদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমামুল হক বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে এই থানায় একটি মামলা করেছেন। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে সাত জঙ্গির বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার তাদের আদালতে হাজির করা হবে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তাদের নিয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার সরদার নুরুল আমিন জানান, ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ শাখার একটি দল অভিযান চালিয়ে জেএমবির রাজশাহী বিভাগের প্রধান আশরাফ ওরফে আব্দুর রাজ্জাকসহ এই সাত সদস্যকে গ্রেপ্তার করে। অভিযানে সহায়তা করে রাজশাহী পুলিশ। তিনি জানান, বুধবার রাতে রাজশাহী নগরীর মালদা কলোনি, হেতেম খাঁ এবং তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফকে তার সহযোগী আসাদুল ইসলাম এবং ইসারুলসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে বিপুল পরিমান জিহাদী বই-পুস্তক, জিহাদী সিডি ও কম্পিউটারও উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা নুরুল আমিন জানান, এরপর বৃহস্পতিবার স্থানীয় পুলিশের সহযোগিতায় নওগাঁ জেলার আত্রাই থানা এলাকা থেকে জেএমবির হাফেজ আব্দুর রহিম ও তার সহযোগী মমতাজকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেও বিপুল পরিমান জিহাদী বই, ধর্মীয় পুস্তক ও জিহাদি সিডি উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী একই দিন নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকা থেকে শাহাব উদ্দিন ও তার সহযোগী রহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল বলে তিনি জানান। উপ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধান কার্যক্রম অব্যহত রয়েছে। পুলিশ জানায়, গত ১৪ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে 'ইসলাম ও মুসলিম' নামের জঙ্গি গোষ্ঠির বিরুদ্ধে পুলিশের এ বিশেষ দলের অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। এ অভিযানের ফলে এই অঞ্চলে জেএমবির নেটওয়ার্ক আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে পুলিশ দাবি করেছে। উপ-কমিশনার নুরুল আমিন সাংবাদিকদের বলেন, ইসলাম ও মুসলিম'র শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর এই জঙ্গিরা খুব বেশি গোপনীয়তা এবং কৌশলের আশ্রয় নেয়। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নগর পুলিশের বিশেষ শাখার সহকারি কমিশনার (এসি) তারিকুল ইসলামসহ মহানগর পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্মকর্তারা। শায়খ আবদুর রহমানের নেতৃত্বে জেএমবি গঠনের পর রাজশাহী অঞ্চলে এর তৎপরতা ছিল সবচেয়ে বেশি। সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের নেতৃত্বে জঙ্গিরা ওই অঞ্চলে ঘাঁটি গাড়ে। বিএনপি আমলে ক্ষমতাসীন দলটির বেশ কয়েকজন নেতা তাদের মদদ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে জেএমবি। পরে অবশ্য শায়খ রহমান ও বাংলাভাই গ্রেপ্তার হন। বোমা হামলায় বিচারক হত্যার দায়ে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের ফাঁসিতে ঝোলানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৯৫৯ ঘ.