ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার তার 'মুখ বন্ধ করার' চেষ্টা করলে সংসদ অধিবেশন বয়কটের হুমকি দিয়েছেন একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।
নোয়াখালীর হাতিয়ায় দুটি থানা স্থাপনের দাবিতে বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারী সদস্য বিলের উপর ফজলুল আজিম বক্তব্য রাখার সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী তাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বললে তিনি এ হুমকি দেন। (বিস্তারিত)
তার দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের জবাবে আজিম ক্ষুব্ধ হয়ে উঠলে ডেপুটি স্পিকার তাকে থামানোর চেষ্টা করেন।
তার সম্পর্কে সাহারা খাতুনের মন্তব্যে এত বেশি প্রতিক্রিয়া না দেখাতে বললে ফজলুল আজিম শওকত আলীকে হুমকি দিয়ে বলেন, "আপনি যদি আমার মুখ বন্ধ করতে চান, তাহলে আমি (ভবিষ্যতে) কথা বলবো না, আমি আর সংসদে আসবো না।"
আজিমের দাবির জবাবে সাহারা খাতুন বলেন, "সন্ত্রাস, চুরি ও ডাকাতি তার নির্বাচনী এলাকায় নতুন কিছু নয়।"
"তিনি যে দল (বিএনপি) করতেন সেই দল সেখানে থানা স্থাপন করতে পারতো। তার আগের দলের সন্ত্রাসীরা অপরাধমূলক কাজে জড়িত। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি সাংসদ নির্বাচিত হওয়ায় তারা সমস্যার সৃষ্টি করছে।"
মন্ত্রীর জবাবের পর ডেপুটি স্পিকার আজিমকে কথা বলার সুযোগ দেন।
আজিম বলেন, "দুটি থানার দাবি করায় তিনি কেন এত কথা বলেন। আমি কি নিজের স্বার্থে এ দাবি জানিয়েছি? দেশের স্বার্থেই আমি এ দাবি জানিয়েছি।"
আজিম তার প্রস্তাবে বলেন, হাতিয়ায় চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় তার নির্বাচনী এলাকায় আরও দুটি থানা প্রয়োজন।
তিনি বলেন, "আমি বলিনি যে আমার এলাকায় আগে চুরি-ডাকাতি ছিলো না। ডাকাতি সব জায়গায়ই আছে........যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে।
"এ অবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। আপনারা দিন বদলের অঙ্গীকার করেছেন। আমরা পরিবর্তন দেখতে চাই।"
শওকত আলী আজিমকে আবেগপ্রবণ না হয়ে মূল বিষয়ে বক্তব্য রাখার জন্য বারবার অনুরোধ জানিয়ে বলেন, "আপনাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে তার অপব্যবহার করবেন না। দয়া করে মূল কথায় আসুন, তা না হলে আমি মাইক্রোফোন বন্ধ করে দিতে বাধ্য হবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/০০২২ঘ.
bdnews24