নাটোর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরে বৃহষ্পতিবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবলীগের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
পুলিশ চার যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের নাম জানা যায়নি। আহতরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
সকালে পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) পদত্যাগের দাবিতে মিছিল বের করলে এ সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে নাটোরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে কয়েক'শ যুবক 'মাদক ও সন্ত্রাসের মদদদাতা নাটোর পুলিশ সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল' লেখা একটি ব্যানার নিয়ে শহরের হাসপাতাল ব্রিজ থেকে মিছিল শুরু করে।
মিছিলে ছিলেন- যুবলীগের জেলা প্রচার সম্পাদক ইদ্রিস আলী, শহর কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈম হোসেন উজ্জ্বল, সদর উপজেলার সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মিছিলটি ব্রিজ ছেড়ে নিচা বাজারে ঢোকার পথে পুলিশ বাধা দেয়। এরপরও মিছিল অব্যাহত থাকলে পুলিশ পেছন থেকে লাঠিচার্জ করে।
এর কয়েক মিনিট পর মিছিলকারীরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মিছিল শুরু করলে পুলিশ আবারও লাঠিচার্জ করে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত এভাবে কয়েকদফা সংঘর্ষ হয়।
এ সময় নাটোর-রাজশাহী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। দুপুর ১২টার পর শহর শান্ত হলেও পুলিশী টহল চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ায় আটক চারজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি তাদের নাম জানাননি।
শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাঈম হোসেন উজ্জ্বল জানান, সংঘর্ষে তাদের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। তবে পুলিশের ভয়ে তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে মলয়, গোপাল, আফজাল, আশরাফ, আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীরের নাম উল্লেখ করেন তিনি।
মিছিল শুরু করার আগে তিনি সাংবাদিকদের জানান, বর্তমান এসপি'র মদদে নাটোরে মাদক ব্যবসা ও সন্ত্রাস বেড়ে গেছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে তিনি নিয়মিত মাসোহারা আদায় করেন। তাই সবাই তার অপসারণ চায়।
এদিকে এসপি রফিকুল ইসলাম বলেন, "আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি মাদক বা সন্ত্রাসকে কখনও প্রশ্রয় দেইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24