চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতকুণ্ড উপজেলার এক শিপইয়ার্ডে বৃহস্পতিবার সকালে লোহার ভারী পাতের চাপায় তিন শ্রমিক মারা গেছেন।
সকাল সাড়ে ৯টার দিকে শীতলপুর এলাকার নওশাদ আলীর মালিকানাধীন 'ক্রিস্টাল শিপ ইয়ার্ডে' এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ নাছির (২৮), নাহিদ (২৪) ও হযরত আলী (২৫)।
সীতাকুণ্ড থানার উপ-পরির্দশক (এসআই) আবদুল বায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ক্রিস্টাল শিপ ইয়ার্ডে একটি জাহাজ কাটার সময় লোহার ভারী পাতের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।"
এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই আবদুল বায়েস জানিয়েছেন।
সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কাজে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের কাজ করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/১৫২০ ঘ.
bdnews24