রংপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের জজ আদালতের হাজতখানা থেকে ভুট্টু মিয়া (৩০) নামে এক আসামি পালিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রংপুর আদালতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা পরিদর্শক মো. আব্দুল হাই শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় হাজতখানার আসামি গণনা করার সময় ভুট্টু মিয়া পালিয়ে গেছে বলে ধরা পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।"
দায়িত্বরত পুলিশের অবহেলার সুযোগে আসামি পালিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
এর পরপরই আব্দুল হাই শাহ বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয় হাবিলদার আব্দুল হাকিম, কনস্টেবল আব্দুর রহমান, ইছাম উদ্দিন, মাহমুদুননবী ও ফজলুল হককে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করে।
ভুট্টু চুরির মামলার আসামি ছিল। তার বাড়ি কাউনিয়া উপজেলার ঠাকুরদাস গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭০০ ঘ.
bdnews24