রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা উপক্ষো করে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত নিয়ে শিবির নেতা-কর্মীরা ক্যাম্পাসে মহড়া দিয়েছে।
এ সময় তাদের বাধা দিলে তারা প্রক্টরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ক্যাম্পাস অচল করারও হুমকি দেয়।
এ ঘটনায় শিবিরের বঙ্গবন্ধু হল শাখা সভাপতি শাহনেওয়াজ স্বচ্ছকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বেলা ১২টার দিকে শাহনেওয়াজসহ বিপুল সংখ্যক বহিরাগত শিবির নেতা-কর্মী ক্যাম্পাসে মিছিলসহ মহড়া দেয়। এ সময় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া পুলিশ নিয়ে মিছিলের গতিরোধ করেন এবং মহড়া দিতে নিষেধ করেন।
এ সময় শিবির নেতা-কর্মীরা প্রক্টরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শাহনেওয়াজ স্বচ্ছ প্রক্টরকে দেখে নেওয়া এবং ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বলেন, এ ঘটনায় বিকেলে প্রক্টরিয়াল বডির সভায় ওই শিবির নেতার কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়।
চিঠিতে প্রক্টরের সঙ্গে কথা কাটাকাটি এবং ক্যাম্পাস অচল করার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।
প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ১৩ মার্চ ক্যাম্পাসে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ক্যাম্পাসে মিছিল-মিটিং, সমাবেশ, মহড়াসহ সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24