ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অবৈধভাবে চিনি মজুদের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় যশোরের অভয়নগরের ১৪ ব্যবসায়ীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
১৪ ব্যবসায়ী হলেন-হাফিজুর রহমান, সফিয়ার রহমান, রফিকুল ইসলাম, মধু সুদন সাহা, অলক কমুার কুন্ডু, সিরাজুল ইসলাম, সারোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব, আনিসুর রহমান ওরফে বড় আনিস, আনিসুর রহমান ওরফে ছোট আনিস, আব্দুল ওদুদ, রাজু আহমেদ, মো. আমিন ও চিত্তরঞ্জন কুন্ডু।
চিনি মজুদের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করেন কৃষি বিপণন অধিদপ্তরের যশোর জেলার সুজায়েত হোসেন খান।
একটি মামলায় ৩ হাজার ৯১০ বস্তা এবং অপর মামলায় ৬৭ হাজার ১০০ বস্তা চিনি অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ আনা হয়।
গত ২৬ সেপ্টেম্বর র্যাব, পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি যৌথ দল অভয়নগরে জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন ও শেখ ব্রাদার্সের চারটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ওই চিনি জব্দ করে।
আসামীদের পক্ষে জামিন আবেদন পরিচালনা করেন বিচারপতি টি এইচ খান ও ড. এম জহির।
তাদেরকে সহায়তা করেন অ্যাডভোকেট শামসুদ্দিন বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬২৭ ঘ.
bdnews24