২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক থেকে টাকা তুলে অফিসের সামনে ছিনতাইকারীর কবলে

নগরীর ধানমণ্ডির একটি ব্যাংক থেকে টাকা তুলে লালমাটিয়ার কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সোমবার দুপুরে ছিনতাইকারীর কবলে পড়েন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেসন গ্র"পের হিসাবরক্ষকসহ চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 11:17 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নগরীর ধানমণ্ডির একটি ব্যাংক থেকে টাকা তুলে লালমাটিয়ার কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সোমবার দুপুরে ছিনতাইকারীর কবলে পড়েন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেসন গ্র"পের হিসাবরক্ষকসহ চারজন। ৬-৭ জনের একদল সন্ত্রাসী গুলি করে গাড়ির সামনে ও পেছন থেকে ৩০ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তিনটি মোটরসাইকেলে পালিয়ে যায়। এ সময় তাদের গুলিতে হিসাব রক্ষক মিজানুর রহমান ও গাড়িচালক রুবেল আহত হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই সব জায়গায় জানানো হয়েছে। তাদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।" জেসন গ্র"পের ব্যবস্থাপক শহীদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা ১২টার দিকে কর্মচারিদের বেতন ও অন্যান্য খরচ বাবদ এইচএসবিসি ব্যাংকের ধানমণ্ডি শাখা থেকে ৩০ লাখ টাকা তুলে হিসাবরক্ষক মিজানুর রহমান, কবির হোসেন, সহকারি হিসাবরক্ষক মোস্তফা মাসুদ পাপ্পু ও কর্মচারি আলী হোসেন গাড়িতে করে লালমাটিয়ায়র অফিসে ফিরছিলেন।" "গাড়িটি লালমাটিয়া এ ব্লকের ৫/৯ নম্বর ভবনের কার্যালয়ের সামনে আসার পর দারোয়ান ফটক খুলে দেন। এ সময় হঠাৎ দু' পাশ থেকে কয়েকজন সন্ত্রাসী এসে গুলি চালায়। এতে মিজানুর রহমান ও গাড়ি চালক রুবেল গুলিবিদ্ধ হন। গুলিতে গড়ির দুটি গ্লাস ভেঙ্গে গেছে।" সহকারি হিসাবরক্ষক পাপ্পু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসীরা গুলি করে গাড়ির সামনে ও পেছন থেকে ৩০ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তিনটি মোটরসাইকেলে পালিয়ে যায়। তারা ১০-১২ রাউন্ড গুলি করে।" জেসন গ্র"পের মহা-ব্যবস্থাপক সেলিম উল্লাহ সাংবাদিকদের জানান, বছর দেড়েক আগে মতিঝিল কার্যালয়ের কাছ থেকে প্রায় একই পরিমাণ টাকা ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল এইচএসবিসি ব্যাংক থেকে টাকা তোলার পর। তবে তারা ওই সময় টাকা নিতে পারেনি। এবারও এইচএসবিসি ব্যাংক থেকে টাকা তুলে অফিসে আসার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/আরএ/এজে/এসএইচ/১৫৫৯ ঘ.