ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে র্যাব ও পুলিশের সঙ্গে পৃথক 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।
নিহতরা হলেন, জানে আলম সোহেল ওরফে সোহেল (২৬), মো. সাইজুদ্দিন ওরফে সাজু (৩০) এবং পিচ্চি আবুল (৩২)।
রাজধানীর সুত্রাপুর, যাত্রাবাড়ি ও মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে সোহেলকে আটক করে পুলিশ।
তার ভাষ্য, অস্ত্র উদ্ধারের জন্য ভোর সোয়া পাঁচটার দিকে সোহেলকে নিয়ে ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও এসময় পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই সোহেল নিহত হন।
সোহেল ডাকাত শহীদের সহযোগী বলে দাবি ওসির।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
র্যাব ১০ এর অপারেশন অফিসার এবিএম এনামুল কবির বলেন, যাত্রাবাড়ির রিগাল সিএনজি স্টেশন সংলগ্ন নামাপাড়া বস্তির একটি খালি মাঠে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে- এমন খবর পেয়ে রাত তিনটার দিকে তাদেরকে গ্রেপ্তার করতে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় তারা। এসময় র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই সাইজুদ্দিন ওরফে সাজু (৩০) নিহত হন।
সাজুর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলেও র্যাব কর্মকর্তা জানান।
ঘটনাস্থল থেকে ১০ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার ও একটি দেশি এলজি উদ্ধার করা হয়েছে।
এদিকে র্যাব হেডকোয়ার্টারের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমাণ্ডার আবুল কালাম আজাদ জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে র্যাব ৪ এবং র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা উইংয়ের একটি দল সকাল ছয়টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালায়।
এসময় ৬৭/এ, মধ্য পাইকপাড়ায় র্যাবের সঙ্গে সংঘর্ষে শাহাদত বাহিনীর সদস্য পিচ্চি আবুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে র্যাব।
কথিত বন্দুকযুদ্ধে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/জিএনএ/১১৫৪ ঘ.
bdnews24