ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াসউদ্দীন মোল্লার বাসায় ঢুকে হামলা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শহীদ করিম (৩৫)।
শনিবার গভীর রাতে পুলিশ শহীদ করিমকে আহত অবস্থায় ইলিয়াস মোল্লার বাসা থেকে উদ্ধারের পর চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় সাংসদের পক্ষে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল জলিল পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ইলিয়াসউদ্দীন মোল্লার পল্লবীর বাসার দোতলায় গিয়ে বেল চাপে শহীদ করিম। সাংসদের বড় মেয়ে দরজা খুললে শহীদ নিজেকে ইলিয়াস মোল্লার ভাগ্নে পরিচয় দেয়। সাংসদের মেয়ে তাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে তার মাকে ডাকে। কিন্তু সাংসদের স্ত্রী এসে তাকে চিনতে না পেরে অন্যদের খবর দেন। পরে সেখানে ওই যুবককে মারধর করা হয়।
পল্লবী থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী জানান, এ ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ মে শাহাদাত বাহিনীর পক্ষে ইলিয়াস মোল্লার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন শহীদ করিম। ওই ঘটনায় পরদিন পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। চাঁদা না দেওয়ায় ইলিয়াস মোল্লা ও তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে শহীদ শনিবার সাংসদের বাসায় ঢোকে।
পুলিশ কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, শহীদ করিম মানসিকভাবে ভারসাম্যহীন। তবে ওসি আব্দুল মালেক জানান, ওই যুবক মাদকাসক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২৩৫৭ ঘ.
bdnews24